একরোখা প্রেম
তুমি আমার উপন্যাসের নায়ক হতে চেয়েছিলে আবদার টা অন্যায় নয় । আচ্ছা ; আমার প্রবন্ধ রা কি তোমায় হাতছানি দেয় ? সত্য বলবে কিন্তু --! আমার কাব্যে কি তুমি রোজ জাগো চিহ্ন আঁকো একা একা বাসরীক চিন্তায় ? ঝরাপাতারা কেন ঝরল এই অবেলায় শত বসন্ত এলেও আমার বসন্ত আজও আসেনি -- আসবে কি কোনদিন ? আহা --!! রোজ রোজ তুমি কলম চিহ্ন দাও আমি পথভ্রান্ত পথিক , দ্বারে দ্বারে ফেরি করি মুঠো মুঠো ভাললাগা । আচ্ছা , আমি নারী অবয়ব , তবে পথিক এর স্ত্রী লিঙ্গে আ কার বা ই কারে বিভাজন করবে কি আমায় --?? তোমার দুয়ার টা আজও খুঁজে পেলুম না --! হাজারটা আরব্য রজনী পার হলো আলিবাবা গুপ্তধনের সন্ধানও পেল , কই তোমাকে তো আমার পাওয়া হয়ে ওঠা হলো না । অধরা অস্পর্শে তুমি আমার , একান্ত আমার ন ' হন্যতে । আজ কেন পিয়াসী যাতনা মাতাল নেশায় উদভ্রান্ত হয়েছিল ক্ষনিকের তরে --! শাক দিয়ে মাছ ঢাকা ভারী অন্যায় -- তোমার স্পর্শ কাতরে স্পর্শ করব না , কথা দিলাম , জানো তো আমি মিথ্যা বলিনা । ...